পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, পরিবেশ সুরক্ষায় সমাজের প্রতিটি সদস্যকে সচেষ্ট ও আন্তরিক হতে হবে। কারণ কোন একজন মানুষ কর্তৃক প্রাকৃতিক সম্পদের অপচয় সকলের জন্য দুর্ভোগ ডেকে আনতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গ্রীণ ওয়াচ ক্লাবের ৪র্থ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, দৈনন্দিন আচরণ ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে প্রকৃতির অমূল্য সম্পদ পানির অপচয় বন্ধ করা সম্ভব। এক্ষেত্রে শুধু যে ছোটরা বড়দের নিকট হতে শিখবে তা নয় বরং ছোটরা বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীগণও পরিবেশ বিষয়ে তাদের অর্জিত জ্ঞানের দ্বারা পরিবারের অন্যান্য সদস্যদের সচেতনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রীণ ওয়াচ ক্লাব প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

গ্রীণ ওয়াচ ক্লাবের ৪র্থ বার্ষিক সাধারণ সভার এবারের মূল প্রতিপাদ্য ছিল, ‘নো ওয়াটার, নো লাইফ, নো ব্লু, নো গ্রীন’। গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সিস্টার আশা ভার্জিনিয়া গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স এসোসিয়েশনের প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

কেএইচ