লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে ৩টি জেলে নৌকা ডুবে গেছে। এতে ভ্রাম্যমাণ জেলে পরিবারের শিশু মো. আর্শাদ (২) নিহত হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাটারিরহাট এলাকার মেঘনা নদীতে ঝড়ে নৌকা ডুবির এ দুর্ঘটনা ঘটে। শিশু আর্শাদ জেলে শাহ আলমের ছেলে।

পাটারিরহাট ইউনিয়নের বাসিন্দা এমরান হোসেন মঞ্জুর জানান, শিশুর বাবা শাহ আলম স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় থাকতেন। নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। রাতে মাছ ধরার সময় তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে। তীরে পৌঁছার আগেই উল্টে যায়। এতে নদীতে পড়ে যায় নারী ও শিশুসহ পরিবারের সবাই। এসময় আশ-পাশে থাকা নৌকার জেলেদের সহযোগিতায় ৭ জন নদী থেকে বেঁচে উঠতে পারলেও শিশু আর্শাদকে মৃত উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া আরও দুইটি নৌকা রাত ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। ওই দুই নৌকার জেলেদের একটি ট্রলার এসে উদ্ধার করেছে বলেও জানান স্থানীয়রা জানান।

এমই