আলোচিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ২০১৮ সালে পুরোপুরি উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সকালে ওই বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘এ প্রকল্প নিয়ে বেশ হৈ চৈ হয়েছে। তাই প্রথমবারের মতো পরিদর্শনে এসেছি।’ পরে দুপুরে মংলা সমুদ্রবন্দর পরিদর্শন করেন অর্থমন্ত্রী। মংলা বন্দর বিষয়ে মুহিত বলেন, ‘বন্দরের উন্নয়নের দিকে সরকারের নজর রয়েছে। কারণ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে মংলা সমুদ্রবন্দরের গুরুত্ব অপরিসীম।’
বন্দর পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘মংলা বন্দর অবশ্যই গুরুত্বপূর্ণ। এ বন্দরের আরও আধুনিকায়ন প্রয়োজন। এ বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। তবে এখনই বড় ধরনের কোনো পরিকল্পনা নেই।’
বন্দর পরিদর্শনশেষে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। এ সময় বন্দরের উন্নয়ন অগ্রগতি ও বিরাজমান সমস্যা তুলে ধরেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
অর্থমন্ত্রী কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় তুলনামূলক বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি গাড়িযোগে মংলা বন্দরের জেটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেকসহ বন্দরের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
এদিকে, অর্থমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর কর্মচারীরা।
জারিফ





