ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় বাস চাপায় স্বামী পিকুল হোসেন (২৪) ও নববিবাহিতা স্ত্রী ইতি খাতুন (১৯) নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে শৈলকুপা থেকে ঝিনাইদহ আসার পথে গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ আলী জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেলে করে আসার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রী বাস চাপা দিলে ঘটনাস্থলে স্ত্রী ইতি খাতুন নিহত হন।
তিনি আরো জানান, স্বামী পিকুল হোসেন সোমবার সন্ধ্যার দিকে শৈলকুপা উপজেলার নওয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার রূপদা গ্রামে যাচ্ছিলেন।
রাস্তায় মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
আহত পিকুল হোসেনকে সোমবার রাত নয়টার দিকে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার জানান, স্বামী পিকুল ও স্ত্রী ইতির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তার স্বজনেরা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





