চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস শ্রেণির তিনটি ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজ এখনও সম্পন্ন না করায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত নগরীর জাকির হোসেন সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক থেকে উঠে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যান্যদের অবরুদ্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শ্রেণির ২৫, ২৬ ও ২৭ ব্যাচের শতাধিক শিক্ষার্থী এই আন্দোলন করছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস শ্রেণিতে বর্তমানে ৩০ তম ব্যাচ চলছে। কিন্তু তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। ২৫ তম ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে ফাইনাল ইয়ারে রয়েছেন। আর কিছুদিন পর তাদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ২৬ তম ব্যাচের শিক্ষার্থী নওশাদুর রহমান বলেন, গত পাঁচ বছর ধরে আমরা রেজিস্ট্রেশনের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে সময়ক্ষেপণ করে আসছে। বুধবার সকালে একই দাবিতে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি। এখন আমাদের বলছে রেজিস্ট্রেশনের বিষয়ে এ সংক্রান্ত কর্তৃপক্ষ বিএমডিসি’র সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু এটি কি আমাদের কাজ? এটি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়। তাই আমরা সড়ক অবরোধ করছি।

তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

মাসুম/জারিফ