চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা শোয়েব রিগানের ওপর এই হামলা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের জ্বিনতলা মল্লিক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের মাঝের পাড়ার আজম আলীর ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের নেতা শোয়েব রিগান রাতে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাহেলা খাতুন গালর্স একাডেমির পেছনে পৌঁছালে ৫/৬ জনের একটি দুর্বৃত্ত দল তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কলিমুল্লাহ জানান, কারা এ হামলার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেন জানান, শোয়েব রিগান কলেজ ছাত্রলীগের নেতা হলেও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি হিসাবে মনোনীত ছিলেন। ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেড





