বিদ্যুতের দাবিতে সাভারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছেন এলাকাবাসী।

টানা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর শিমুলতলা জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা যোগ দেন।

এরপর এলাকাবাসী ও সাভার বাজার বাসস্ট্যান্ডের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা সংগঠিত হয়ে বিদ্যুত কার্যালয় ঘেরাও করেন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

কর্মকর্তারা জানান, চাহিদামতো কাঙ্খিত বিদ্যুত না পাওয়ায় বাধ্য হয়ে মাত্রাতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কর্মসূচী চলাকালে শিমুলতলা জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আকতারুজ্জামান লস্করসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ রাখা হয়।

সাভার মডেল থানার এএসপি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা শান্ত হন।

জেআই,