যশোরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ী সদর উপজেলার শমসপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহাবুদ্দিন ওরফে সাবু।
সোমবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহাবুদ্দিন জানান, তিনি পার্শ্ববর্তী মান্দারতলা বাজারের তেল ব্যবসায়ী। বাড়ি থেকে এক লাখ ৯০ হাজার টাকা নিয়ে দোকানের যাচ্ছিলেন তিনি। পথে নাজিরবাড়ি কাঁঠালতলায় একই গ্রামের কফিজুল, আন্তা, সবেদ আলী, আবদুল্লাহসহ ৭/৮ দুর্বৃত্ত তার পথরোধ করে।
দুর্বৃত্তরা কুপিয়ে তার কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনা এখনও শুনিনি। অভিযোগ এলে তদন্ত করে দেখবো।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





