স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট।

আজ (২৭ জানুয়ারি) রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুল মতিন এই ফল ঘোষণা করেন।  

এর আগে সকাল ৮টা থেকে এই সংসদীয় আসনের মোট ১৩২ কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। সারাদিনের ভোটগ্রহণে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো বড় ধরনের গোলযোগের ঘটনা ঘটেনি।  

নির্বাচনে মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা) ও জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকারসহ (লাঙল) মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যরা প্রার্থীরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা ডা. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গত ২০ ডিসেম্বর এই আসনের একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

পরে তফসিল ঘোষণা করে আজকের দিনে ভোট গ্রহণের দিন ঠিক করে নির্বাচন কমিশন (ইসি)।

এমবি