ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মেয়র সাঈদ খোকন।


সাঈদ খোকন বলেন, দখলদার যত শক্তিশালী হোক না কেন উচ্ছেদ অভিযান চলবে।

আজ (রোববার) বিকেলে বালুরঘাট খেলার মাঠ, শহীদনগর মিনি স্টেডিয়াম এবং মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এসময় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নব নির্মিত একটি এস টি এস এর ও উদ্বোধন করেন তিনি। মেয়র বলেন, ডিএসসিসি এলাকার মাঠ দখলমুক্ত হয়েছে বিধায় আজ উন্নয়ন করা সম্ভব হচ্ছে। আর এই দখলমুক্ত করার জন্য স্থানীয়রা সহায়তা করেছেন। তিনি বলেন, স্থানীয়রা সহায়তা করলে সকল অবৈধ দখল স্থান উদ্ধার করা সম্ভব।

এর আগে ঢাকা দক্ষিণে সিটি এলাকার ৩১টি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন করেন সাঈদ খোকন।

৫৩ কাঠা জায়গার মধ্যে ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আমলীগোলা পার্কসহ খেলার মাঠ, ৪০ কাঠা জায়গার মধ্যে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বালুরঘাট খেলার মাঠ, ৬০ কাঠা জায়গার মধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শহীদনগর মিনি স্টেডিয়াম এবং ৫০ কাঠা জায়গার মধ্যে ১ কোটি ৫৭ লাখ টাকা ও অন্যান্য ব্যয়সহ মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের নির্মাণ কাজ ২০১৮ সালের জুন মাসের মধ্যে সমাপ্ত হবে।

এসব পার্ক ও খেলার মাঠের আমলীগোলা খেলার মাঠে ফুটবল খেলার মাঠ, কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন, বালুরঘাট খেলার মাঠে ফুটবল খেলার মাঠ, শহীদনগর মিনি স্টেডিয়াম ফুটবল খেলার মাঠ, উন্মুক্ত ব্যায়ামাগার, শিশুদের জন্য পৃথক খেলার মাঠ, সকাল-সন্ধ্যা পায়ে হাঁটার জন্য ২০০ মিঃ ওয়াকওয়ে, নাগেশ্বর, কদম, অশোক, অশ্বথ বিভিন্ন গাছ লাগানো ব্যবস্থা, ২য় ও ৩য় তলায় কমিউনিটি সেন্টার,।

প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র: হিসেবে ব্যবহারের সুবিধা এবং মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠে ফুটবল খেলার মাঠ, উন্মুক্ত ব্যায়ামাগার, শিশুদের জন্য পৃথক খেলার জায়গা, সকাল সন্ধ্যা পায়ে হাঁটার জন্য ২৭৫ মিঃ ওয়াকওয়ে, ঈদের নামাজ পড়ার ব্যবস্থা, সংলগ্ন শ্মশান ঘাটের আধুনিকায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের সুবিধা অন্তর্ভূক্ত রয়েছে।

এসময় মেয়র বলেন, জলসবুজে ঢাকা এ প্রকল্প বাস্তবায়িত হলে নারী শিশু বৃদ্ধাগণ যেমন নির্মল পরিবেশে খেলাধুলা হাঁটাহাটি করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ পাবে। এছাড়া সামাজিক অবক্ষয় রোধে এ উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, স্থপতি রফিক আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস