বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে পরিচালক, উপপরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-২’র অধিশাখার পৃথক ৩টি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সচিব সৈয়দ মনজুরুল ইসলাম ও উপসচিব (পার-২) একেএম ফজলুল হকের স্বাক্ষরিত আদেশে বলা হয়, শেরেবাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম করার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ জন্য নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্বরত ডা. মো. নিজাম উদ্দিন ফারুক, উপপরিচালক ডা. মো. সহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিলকে সাময়িক বরখাস্ত করা হল।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী ২২৬টি পদে নিয়োগপত্র প্রদান করা হয়।

নিয়োগ কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির রিপোট অনুযায়ী আজ এই আদেশ দেওয়া হয়েছে।

এসএইচ