যশোরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম জানান, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে এক মাস আগে পরিচয় হয় রাকিবের (কল্পিত)। সে ওই স্কুলছাত্রীকে বিয়ের জন্য পরিবারের কাছে প্রস্তাব দেন কিন্তু তার আগে দুটি বিয়ে ও বউ আছে জানতে পেরে স্কুলছাত্রী ও তার পরিবার কেউ এ বিয়েতে রাজি হয়নি।
মঙ্গলবার দুপুরে স্কুলে টিফিনের সময় বের হয়ে স্কুলছাত্রী খাবার খেতে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাকিব ও তার বন্ধু রনি (কল্পিত) তাকে রাস্তা থেকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে পাশের গ্রামে তাদের এক আত্মীয়ের বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণ করে। সকালে স্কুলছাত্রীটি ছাড়া পেয়ে প্রতিবেশীদের জানালে তারা অভিযুক্ত দুজনকে ধরে শার্শা থানা পুলিশে সোপর্দ করেন।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের কথা তারা স্বীকার করেছে। শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রীর শারীরিক পরীক্ষা করে যশোর আদালতে ১৬৪ ধারা জবানবন্দী গ্রহণ করা হবে।
কেএইচ





