কিশোরগঞ্জে গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন লুট হওয়া প্রায় ২ হাজার সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামে একটি রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ব্যালট পেপারগুলো পাওয়া যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যালট পেপার স্থানীয় বড়ভাগ এ ইউ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তা মো. আশ্রাফুল আলম জানান, ওই দিন ভোট গ্রহণের পর সন্ধ্যায় ভোট গণণার সময় কয়েকজন সাধারণ সদস্য প্রার্থীর নেতৃত্বে তাদের সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ২ হাজার ৫২টি সিলমারা ব্যালট ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের নিরস্ত করতে পুলিশ এ সময় কয়েক রাউন্ড গুলি ছুড়লেও ব্যালট পেপার ছিনতাই ঠেকানো যায়নি। পরে ওই কেন্দ্রের সাধারণ সদস্য পদের ফল স্থগিত করা হয়।
ব্যালট পেপার লুটের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার দুই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী তিন সাধারণ সদস্য প্রার্থী আমিনুল হক, নজরুল ইসলাম ও তারা মিয়াসহ ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো সহ¯্রাধিক মানুষকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বণিক বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
বড়ভাগ এ ইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল জলিল জানান, হামলায় মাদ্রাসার দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি হয়েছে।
এম আর





