বরিশালের উজিরপুরে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বাজারে ঢুকে গেলে বাস চাপায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন। এদের মধ্যে ৩০ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ইছলাদি বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে বরিশালগামী ওই বাসটি মহাসড়কের ইছলাদি বাজারের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এ সময় বাস চাপায় বাজারের ৮টি দোকান, ২টি মিশুক, একটি ট্যাক্সি দুমড়ে-মুচড়ে যায়।

এতে মিশুকের ৩ যাত্রী ও ২ জন পথচারী ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পর অপর ৮ জনের মৃত্যু হয়।
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার পর ৮ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





