রাজধানীতে ফ্লাইওভার নির্মাণের সময় একটি বাসের চাপায় দু'জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক শ্রমিক।
শনিবার সকাল ১০টার দিকেমগবাজার চৌরাস্তায় প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আসাদুল (১৮) ও মো. সাজেদুল (১৬)। তারা দু'জন সম্পর্কে ভাই। এ ঘটনায় গুরুতর আহত শ্রমিক মঞ্জুকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের কাজ করতে থাকা নির্মাণ শ্রমিকদের চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেকে নেয়া হলে পথে দু'জনের মৃত্যু হয়।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, প্রভাতী-বনশ্রী পরিবহনের গাড়িটি গুলিস্তান থেকে মহাখালী যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন নির্মাণ শ্রমিককে চাপা দেয়। গাড়িসহ চালককে আটক করা হয়েছে।
এআর





