অজগর সাপ গোয়ালঘরে ঢুকে পড়ে। সোমবার মধ্যরাতে নওগাঁর ধামইরহাট উপজেলার পৌর সদরের মঙ্গলকোটা গ্রামের মৃত বারেকের বসতবাড়ির গোয়ালঘর থেকে সাপটি ধরা পড়ে।
গৃহকর্তা আরাফাত হোসেন জানান, রাত ৩টার দিকে গোয়ালঘরের গরু ছটফট করতে থাকে। টের পেয়ে ছোট ভাই রেজাউল টর্চ লাইট মেরে অজগরটি দেখতে পেয়ে চিৎকার দেয়। এরপর রেজাউলসহ স্থানীয় কয়েকজন গ্রামবাসীর সহযোগিতায় অজগরটি ধরা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমায়েত উদ্দিনের সহযোগিতায় সাড়ে ১০ ফিট লম্বা অজগরটি ধামইরহাট বনবিট অফিসে জমা দেয়া হয়।
ইউএনও হেমায়েত উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে অজগরটি রাজশাহী বন বিভাগে হস্তান্তর করা হবে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





