গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ১৫নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফশিল স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।

জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর ইউনিয়নের ভাটিকাপাসিয়া গ্রামের কিয়ামত উল্লাহ্র ছেলে কাজিম উদ্দিন হাইকোর্টে ইউনিয়নের সিমানা নির্ধারণের জন্য একটি রিট পিটিশন করেন। যার নং- ১১৫৪৪/১৫।

এরই প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি ময়নুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ঘোষিত তফশীল স্থগিতাদেশ দেন।

উল্লেখ্য, ইতোমধ্যে উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে মেয়াদ পূর্তি না হওয়ায় ১১নং হরিপুর ছাড়া ১৪ ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশীল মোতাবেক আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনে মোট ৮’শ ৮৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম বলেন, মহামান্য হাইকোর্ট ইউনিয়নের ঘোষিত তফশীল স্থগিতাদেশ দিয়েছেন মর্মে রিটকারী কাজিম উদ্দিন এ রকম আদেশের কপি দেখিয়েছেন।তবে এখনো নির্বাচন কমিশন কর্তৃক এ ধরণের কোন নিষেধাজ্ঞা আমাদের কাছে না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত করা সম্ভব নয়।

এমবি