দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন ‘করোনাভাইরাস’র সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।পদক্ষেপের অংশ হিসেবে চীনা নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।

আজ (২ ফেব্রুয়ারি) রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা নিয়ম করেছি, এখানে যেসব চীনা নাগরিক কর্মরত আছেন, তারা যেন এখন চীনে না যান। একইভাবে যারা চীন থেকে আসেন, তাদের অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে এবং ভিসা আবেদনের সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে। এটি সাময়িক, আমরা চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছি। এতে তাদেরও কোনও আপত্তি নেই। আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছি। আমরা তাদের অনুরোধ করেছি, তাদের প্রকল্পে চীন থেকে নতুন লোক নিয়োগ না দিলে ভালো হয়।”

বাণিজ্যিক ক্ষেত্রে এটি কোনও সমস্যা হবে কি-না? এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাদের অনেকে এখানে কাজ করেন। তাদের দূতকে বলেছি, অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছি। একমাসের জন্য আসা বন্ধ। এটা সাময়িক। তারা মেনে নিয়েছেন। তবে ভিসা নিয়ে আসতে পারবেন, এজন্য হেলথ সার্টিফিকেট লাগবে।”

এমবি