ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরে শায়িত হলেন বরেণ্য এই উদ্যোক্তা। দুপুর দেড়টার কিছু সময় পর তার দাফন কাজ শেষ হয়।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়। পরে বনানী কবরস্থানে তার আরেকটি জানাজা হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টা থেকে স্যার ফজলে হাসান আবেদের লাশ আর্মি স্টেডিয়ামে রাখা হয়। সেখানে নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
এরপর তিনি ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচারে ভর্তি হয়েছিলেন। সেটা বাদ দিয়ে তিনি লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টসে ভর্তি হন। ১৯৬২ সালে তিনি তার প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন।
বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত শুক্রবার রাত আটটা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে গত ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এএস





