অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ।
আজ (২১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার একুশের প্রথম প্রহর থেকে শিশু-যুবক-বৃদ্ধ থেকে শুরু করে সবাই ভিড় করেন শহীদ মিনারে।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দেখা যায়, ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন তারা।
কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’গাইতে গাইতে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।
এর আগে রাত ১২টা ১মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।
এমবি





