চট্টগ্রামে ৪২ লাখ টাকা মূল্যের ১০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। যার ওজন ১ কেজি ১৬ গ্রাম।
শনিবার রাতে চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ওই সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়। এগুলো তার দুপায়ের তলায় লুকানো ছিল। জব্দকৃত সোনার মূল্য ৪২ লাখ টাকা।
সংযুক্ত আরব আমিরাত থেকে আগত যাত্রীর নাম মো. আবু ছালেক, পাসপোর্ট নং - AE8412313। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়। এয়ার আরাবিয়ার ফ্লাইট নং- জি ৯ ৫২৩ যোগে রাত ৯ টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে পায়ের তলা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
তিনি এ বছর দুই বার বিদেশ আসা-যাওয়া করেন। আবু ছালেককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএনজে





