হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য কাজের উন্নয়নে ছয় মাসের জন্য বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সচিবালয়ে সোমবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ পরামর্শক প্রতিষ্ঠান বিমানবন্দরের নিরাপত্তা ও অন্যান্য কাজের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পর্যবেক্ষণে সহায়তা করবে।

রাশেদ খান মেনন বলেন, তাদের পক্ষ থেকে কিছু কাজের কথা বলা হয়েছে, যেগুলো নিরাপত্তার জন্য এই মুহূর্তে করা উচিত। সব কিছু ঠিক থাকলে ৩১ মার্চের আগেই সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মন্ত্রী বলেন, যুক্তরাজ্য জানিয়েছে, ট্রেনিং ও সুপারভাইজরির ক্ষেত্রে সহায়তা করতে পারবে। এক্ষেত্রে তারা কিছু কোম্পানির নামও প্রস্তাব করেছে। তবে নাম চূড়ান্ত হয়নি।

নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে প্রশিক্ষণের কাজ শুরু করেছি। বিমানবন্দরের ২৫০ জন জনবলের মধ্যে পুলিশ, আনসার ও এয়ারফোর্সের সদস্য রয়েছে। এ ছাড়া ৯০ কোটি টাকার ইক্যুয়েপমেন্ট আনার ব্যবস্থা করছি। এগুলো আনতে সময় লাগবে।

ওএফ