ভালো কাজের প্রলোভন দিয়ে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশিকে আটকের এক বছর পর শুক্রবার বেলা ১টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-কুমিল্লা সদর এলাকার আকুল হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২৪), নোয়াখালীর চাটখিল উপজেলার সালামের ছেলে মইনুদ্দীন (২১), ফেনি সদর উপজেলার এনায়েতের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৪) ও খুলনার রুপসা এলাকার শহীদ শেখ (৫৭)।
পুলিশ জানায়, এক বছর আগে ওই চার বাংলাদেশিকে দালালচক্র ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। পরে ভারতের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে।
পরবর্তীতে নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পরমিট আইনে তাদের ফেরত আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা বাংলাদেশিদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবে বলে ও জানান তিনি।
নাসের/নাজিব





