ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও বিএনপির ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
তিনি বলেন, 'আওয়ামী লীগ কাচুপির নির্বাচনে বিশ্বাস করে না। আমরা নির্বাচনে ক্ষমতার প্রয়োগ করিনি। মাগুড়া, তেজগাঁও, মিরপুর মার্কা নির্বাচন আওয়ামী লীগ করেনি।
আওয়ামী লীগের আমলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ৭১ এর পরাজিত শক্তির সঙ্গে তাল মিলিয়ে অপকর্ম করেছে। পুড়িয়ে মানুষ হত্যা করেছে। শিশু, মহিলা, গাড়ির চালক-হেলপার,পুলিশ শিক্ষার্থীরা তাদের হাত থেকে রেহাই পায়নি। তারা থানা লুট করেছে।
রেললাইন উৎপাটন করেছে। ট্রেনে আগুন দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাদের মানবতাবিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষের মধ্যে ঘৃনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন নির্বাচনে মানুষ তাদের অপকর্মের জবাব দিয়েছে। তাদের ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। ইউপি নির্বাচনেও তাদের ভরাডুবি হবে।'
বুধবার দুপুরে গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের মধ্যে শামীমা পারভীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন শেখ সেলিম।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন, মেজবাহ উদ্দিন হাসান, শাহনাজ রেজা এ্যানী বক্তব্য রাখেন।
শেখ ফজলুল করিম সেলিম আরো বলেন, 'পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছেন। তাদের পুরস্কৃত করে ইতিহাসে কলঙ্কজনক অধ্যয়ের সূচনা করেছেন। মুক্তিযোদ্ধা নামধারী পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে।
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করেছি। একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। খলেদা জিয়া নির্বিচারে আগুন দিয়ে পুড়িয়ে ও বোমা মেরে মানুষ হত্যা করেছে। খালেদা জিয়ার মানবতাবিরোধী অপরাধের বিচার একদিন বাংলার মাটিতে হবেই।'
পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মধ্যে শামীমা পারভীন বৃত্তি প্রদান করেন।
ওএফ





