দিনাজপুরের বিরামপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দালাল মাহাবুর রহমান ওরফে লেবুকে (৪২) স্থানীয় জনগণ প্রতারণার অভিযোগে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাড়ে ৩৭ কেভি ট্রান্সফর্মার,৫০টি মিটার ক্যাবল ও একটি পোল সরবরাহ এবং সংযোগ স্থাপনের জন্য বিরামপুর উপজেলার জোয়াল কামড়া গ্রামের আ: রউফের কাছ থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকা গ্রহণ করেন লেবু। তবে, টাকা গ্রহণ করার পরও গ্রামবাসীর কাজ করে না দিয়ে তালবাহানা করেন। মঙ্গলবার হিলি থেকে বিরামপুর যাওয়ার পথে ঘোড়াঘাট রেলগেট এলাকায় ওই গ্রামবাসীরা তাকে আটকিয়ে টাকা ফেরত চায়। টাকা ফেরত না দেওয়ায় প্রতারক লেবুকে বিরামপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে আটক লেবু জানান,তার সাথে ৪৫টি মিটার,সাড়ে ৩৭ কেভি ট্রান্সফর্মার,তার ও একটি পোলের সরবরাহের জন্য ৩ লক্ষ টাকা রউফ এর সঙ্গে চুক্তি হয়। এর মধ্যে গ্রামের পূর্বের ১৫ কেভি ট্রান্সফর্মারটি সরে নিয়ে ২৫ কেভি ট্রান্সফর্মার স্থাপন করিয়েছি। তবে রউফ আমাকে এ পযন্ত ৭৫ হাজার টাকা দিয়েছে।
এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আ: রাজ্জাক জানান,জোয়াল কামড়া গ্রামে ট্রান্সফর্মারটি বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





