ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জয়ী নেতারা দায়িত্ব নিচ্ছেন আগামী ২৩ মার্চ।

ওই দিন বেলা ১১টায় ডাকসু ভবনে তাদের সাথে মতবিনিময় করবেন ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মতবিনিময় সভা শেষে দায়িত্ব নেবেন ডাকসুর সদ্য নির্বাচিত নেতারা। এছাড়াও একই দিনে হল সংসদের নেতারাও স্ব স্ব হল প্রাধ্যক্ষের কাছ থেকে দায়িত্ব নেবেন।

সোমবার সন্ধ্যায় উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতীন চৌধুরী ভার্চুয়াল কক্ষে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি এ কথা জানান।

তিনি জানিয়েছেন ওইদিন থেকেই ডাকসুর কার্যক্রম শুরু হবে।

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তফসিল ঘোষণা করে পুনঃনির্বাচন দেয়া, ভিসির পদত্যাগসহ ৫টি দাবিতে আজ সারাদিন বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল।

ভিসির কার্যালয়ের সামনে সোমবার বিকেল পর্যন্ত অবস্থান শেষে সোমবারের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।

এর আগে রোববার ভোট বর্জনকারী প্যানেলের সাথে সহমত প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।

দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে ছাত্রলীগ। ভাইস প্রেসিডেন্ট(ভিপি) এবং সমাজসেবা পদ ছাড়া সবকটিতেই জয় পায় ছাত্রলীগের প্রার্থী।

এএস