ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোডের চন্দ্রিমা আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পীযূষ সাহা (৪৫) নামের ওই ব্যবসায়ী কসবা উপজেলার কুটি গ্রামের মৃত মাখন লাল সাহার ছেলে ও কুটি বাজারের তেল মিলের মালিক।
চন্দ্রিমা হোটেলের ব্যবস্থাপক বাবলু মিয়া জানান, বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে পীযুষ সাহা ওই হোটেলের তিন তলার ২০৬ নম্বর কক্ষে ওঠেন। সন্ধ্যায় নিহতের শ্যালক সঞ্জয় কুমার রায় তার খোঁজ করতে হোটেলে আসেন। তিনি ২০৬ নম্বর করে দরজায় কড়া নেড়ে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ওই কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার কক্ষের টেবিলে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’- এবং আরো কিছু লেখা সম্বলিত একটি চিরকূট পাওয়া যায়।
ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





