সম্প্রতি নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনায় সেলিম ওসমানকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেছেন, আমরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে প্রধান শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আশা করি সংসদ সদস্য সেলিম ওসমান তার কৃতকর্মের জন্য জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা এ ঘটনার পরদিন যখনই এটা জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে এটার তীব্র নিন্দা জানিয়েছি।

বিএনপির দিকে ইঙ্গিত করে হানিফ বলেন, যে ইসরায়েল মুসলিম বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ হিসেবে চিহ্নিত, যে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক খারাপ, সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার লোভে তারা সেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। গোপন বৈঠক করেছে, তাদের শরণাপন্ন হয়েছে। বিএনপি ইসরায়েলের দ্বারস্থ হয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরো বলেন, ক্ষমতায় যেতে জনগণের কাছে না গিয়ে মুসলমানদের শত্রুদের দ্বারস্থ হয়ে তাদের হাত-পা ধরার মতো লজ্জাজনক কর্মকাণ্ডএকমাত্র বিএনপির পক্ষেই মানায়। সেটিই তারা করেছে।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা ছাত্রলীগের সভাপতি আলী মতুর্জা খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআইএস