চলতি মৌসুমে পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ শরীয়তপুরের চাষিরা। উৎপাদন খরচ বাড়লেও ব্যবসায়ীরা তাদের ন্যায্যমূল্য দিচ্ছেন না বলে অভিযোগ তাদের।

আর, ব্যবসায়ীরা বলছেন, সরকার পাটের দাম নির্ধারণ না করায় তারা রয়েছেন অন্ধকারে।

অন্যদিকে, ভালো দামের জন্য কৃষকদের দ্রুত পাট বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা।

চলতি পাট চাষ মৌসুমে জেলায় অনাবৃষ্টি বা খরা থাকায় বাড়তি খরচ দিয়ে সেচ ব্যবস্থার জন্য এবার কৃষকদের পাট উৎপাদন খরচ হয়েছে অনেক বেশি।

কিন্তু অতিরিক্ত টাকা গুণেও উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে জেলার পাট চাষিদের।

তাদের অভিযোগ, ব্যবসায়ীরা খেয়াল খুশিমতো দাম দিচ্ছেন পাটের।তাই অনেকটা বাধ্য হয়ে লোকসানে পাট বিক্রি করছেন তারা।

এদিকে ব্যবসায়ীরাও কৃষকদের লোকসানের কথা স্বীকার করে দোষ চাপাচ্ছেন সরকার এবং মিল মালিকদের ওপর। তবে কৃষকদের লোকসান এড়াতে মজুদের পরামর্শ দিলেন জেলা কৃষি কর্মকর্তা।

শরীয়তপুরে এ মৌসুমে ২৭ হাজার ৩'শ ৯৪ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।তবে চাষ হয়েছে ২৪ হাজার ২'শ ১৫ হেক্টর জমিতে।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই