লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রাহমান গাজী এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মনির হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ নভেম্বর দুই লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে মনির হোসেন। ঘটনার দিন বিকালে নিহতের বাবা জামাল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় মনির হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এমই





