মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ভাষার প্রতি সম্মান দেখিয়ে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় বাংলায় দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্ত্বরে আর্ন্তজাতিক মাভৃভাষা দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন রায়ের কপি বাংলায় অনুবাদ করে বিভিন্ন স্থানে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধ বিষরে বিভিন্ন রায় অনুবাদ করে সাধারণ মানুষসহ বিভিন্ন স্থানে বিতরণ করা হবে।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, অতি অল্প সময়ের মধ্যে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হবে। এটা আমাদের গৌরবের বিষয়। সারা বিশ্বে ২১শে ফেব্রুয়ারিকে আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বায়ান্নোর ভাষা আন্দোলনকে সম্মান দিয়ে এটা করা হেয়েছে।

কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়। এতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম রাসেল বক্তব্য রাখেন।

এএইচ