রাজধানীর শাহজাহানপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে ত্রাণ পেল ২০০ অসহায় পরিবার। পুনাকের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ।
শুক্রবার (৯ জুলাই) রাতে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মাঝে পুনাকের পক্ষে এই ত্রাণ বিতরণ করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ। এ সময় ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী জীশান মির্জার এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে গত ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে সকালের নাশতায় শুকনো খাবার, দুপুরে রান্না করা খাবার ও রাতে ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণ কর্মসূচি চলমান বিধিনিষেধ পর্যন্ত অব্যাহত থাকবে।
এইচএন





