ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক হোটেল মালিক ও ওই হোটেলের ম্যানেজারকে স্থানীয় এক কৃষক লীগ নেতার মারধর করার প্রতিবাদে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রায় আধা ঘণ্টা ধরে এ মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৩৫) সিডস্টোর বাজারের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে খাওয়ার পর টাকা না দিয়ে বের হয়ে যাওয়ার সময় ওই দোকানের ম্যানেজার রামকৃষ্ণ বণিক (৫৫) তার কাছে টাকা চান।
এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলাম লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজারকে বেধরক মারধর করেন। আহত ম্যানেজারকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জের ধরে তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘট শুরু করেন।
বিকেলে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে কৃষক লীগ নেতা রফিকুল ইসলামর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। মামলার জের ধরে সন্ধ্যায় ওই কৃষক লীগ নেতা ক্ষুব্ধ হয়ে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সুভাষ চন্দ্র পালকেও (৬০) মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী আব্দুর রহমান জানান, দলীয়ভাবে ঘটনাটি তদন্ত করে দেখছি। রফিকুল ইসলাম দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শাহাব উদ্দিন তালুকদার জানান, বারবার ব্যবসায়ীদের ওপর হামলা ও অভিযুক্ত কৃষক লীগ নেতাকে গ্রেফতার না করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। পরে ভালুকা মডেল থানার ওসি এসে অভিযুক্ত রফিকুলকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
জেআই





