মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক বছরের জন্য ‘ক্যারি অন’ পদ্ধতি বহাল করল সরকার। শনিবার সচিবালয়ে মেডিকেল শিক্ষায় নতুন কারিকুলাম বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মতবিনিময়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মেডিকেলে ‘ক্যারি অন’ পদ্ধতিতে চলমান শিক্ষাবর্ষে কোনো বিষয়ে ফেল করলেও পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পেত শিক্ষার্থীরা। পরে শুধু ফেল করা বিষয়ে পাস করলেই চলত। ২০১২ সালে ক্যারি অন পদ্ধতি বাতিলসহ এমবিবিএস পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনে সরকার। তাতে ক্যারি অন পদ্ধতি বাতিল করা হয়েছিল।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১২ সনের এমবিবিএস শিক্ষার্থীদের মধ্যে গত মে মাসে প্রথম পেশাগত পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা মূল ব্যাচের সঙ্গে ক্লাস করতে পারবে। আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য বিষয়গুলোতে পাস করলে তারা ২০১৬ সালের মে মাসের দ্বিতীয় পেশাগত পরীক্ষায় নিয়মিত ব্যাচের সঙ্গে অংশ নেওয়ার অনুমতি পাবে।
বৈঠকে মোহাম্মদ নাসিম বলেন, সরকারের এ সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষার্থীরা অবিলম্বে ক্লাসে ফিরে যাবে বলে আশা করি।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. আবু শফি আহমেদ আমিন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিএসএমএমইউ’র বিভিন্ন বিভাগের ডিন, ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএইচ





