চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দরিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ অসীম ওরফে মমিনুল (১৯) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৫, রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মমিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকালে র্যাব-৫, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তাকে রাজশাহী র্যাব সদর দপ্তরে রাখা হয়েছে।
র্যাব-৫, রাজশাহীর মিডিয়া সেলের কর্মকর্তা এএসপি খালেদা বেগম জানান, রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দরিয়াপুর গ্রাম থেকে অস্ত্রধারী সন্ত্রাসী অসীম ওরফে মমিনুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মমিনুল গোমস্তাপুরে অভিযান পরিচালনার সময় র্যাবের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে ওই হামলার ঘটনায় আরও ৮-১০ জন জড়িত ছিল বলে জানিয়েছেন।
বর্তমানে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
কেএইচ





