করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৯৭ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭১৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫২ জন। এখন পর্যন্ত এই ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।
মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ সময়ে মৃতদের মধ্যে চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৫ জন। বিভাগওয়ারী হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে দুইজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৯৩৬টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ৩ হাজার ৯৯৪টি।
আর ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৩ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৫৩ শতাংশ।
এমবি





