শেরপুরে ২২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সদর উপজেলার তারাকান্দি বাজার থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিপটিবিলখাস গ্রামের মনসুর আলীর ছেলে মো. কাজল মিয়া (৪২), হাফটার হাওড় এলাকার মৃত সামছুদ্দিনের ছেলে খোরশেদ মিয়া (৫৫), দুলনা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহিদ মিয়া (৩৮), জুড়াইয়া বড়বাড়ী এলাকার মৃত সানু মিয়ার ছেলে রিপন মিয়া (২২), শেরপুর সদর উপজেলার গুনুই মমিনাকান্দা এলাকার মৃত হরফ আলীর ছেলে মো. আফছার আলী (৩৮) ও দুর্গানারায়ণপুর এলাকার মো. কেরামত আলীর ছেলে মো. ফজলু (৩৪)।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের হাতেনাতে আটক করে। এ সময় তারা গাঁজা বিক্রির জন্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে শেরপুর সদর উপজেলায় প্রাইভেটকার যোগে প্রবেশ করছিলেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান শেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম।

কেএইচ