‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’ লালন সাঁইয়ের এই অমৃত বাণী ধারণ করে আগামীকাল মঙ্গলবার থেকে পাবনায় লালন স্মৃতি পরিষদের উদ্যোগে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘লালন উৎসব’।
সোমাবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিষদের নেতারা। সম্মেলনে নেতারা জানান, ইউনিভার্সাল ফুড লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার বিকাল চারটায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন। উৎসব সফল করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা। উৎসবে আমন্ত্রিত শিল্পী থাকবেন প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীন ও শিল্পী টুনটুন বাউল।
লালন স্মৃতি পরিষদ পাবনার সাধারণ সম্পাদক রেজাউল করিম মনির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন : পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুরশাদ সুবহানী, ইউনিভার্সাল ফুড লিমিটেডের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ, পরিষদের সদস্য জাকির হোসেন। সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী সরোয়ার উল্লাস।
২০০৮ সালে লালন স্মৃতি পরিষদ পাবনা প্রতিষ্ঠার পর থেকেই লালন সাঁইয়ের ধর্ম নিরপেক্ষতাবাদ, লোকজ সাহিত্য-সংস্কৃতি নিয়ে গবেষণা, চর্চা ও বিকাশের কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাঙালি লোক সংস্কৃতিকে তুলে ধরা এবং বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শের পুরোধা হিসেবে লালনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার এক ধরনের দায়বদ্ধতা নিয়েও কাজ করছে পরিষদ।
জেআই





