প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 'হুদহুদ' এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় পাঁচ শতাধিক পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েছেন। শনিবার সংকেত বেড়ে যাওয়ায় টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিন যেতে না পারায় সেখানে অবস্থান করা পর্যটকরা আটকা পড়েন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন পর্যটকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখা দেওয়ায় আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংকেত শুরু হওয়ার পর থেকে সেন্টমার্টিন গমনকারী পর্যটকরা যাতে রাত যাপন না করে সে ব্যাপারে চলাচলকারী জাহাজগুলোকে মাইকিংয়ের জন্য লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরেও অনেক পর্যটক তা অমান্য করে থেকে যায়। আবার অনেকে সংকেত শুরুর আগে থেকেই সেন্টমার্টিনে অবস্থান করছিল।
তিনি আরো বলেন, তবে আটকা পড়া পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান, আটকাপড়া পর্যটকরা যাতে সমস্যায় না পড়ে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন খোঁজ খবর রাখছেন। হোটেল রেস্টুরেন্টগুলো যাতে স্বাভাবিক অবস্থার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় না করে সে ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রেস্টুরেন্টগুলোতে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
এএইচ





