করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৯১৩ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৩২২ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ।
মঙ্গলবার (০৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৫০৯টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৫৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।
মৃত ৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহী ১১ জন, খুলনা ৬ জন, সিলেট ২ জন, রংপুর ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ ২৬ জন।
গত বছরের ০৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৮ শতাংশ।
এমবি





