মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপিকে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে দেয়নি গাংনী থানা পুলিশ।

মঙ্গলবার সকালে ‍বিএনপির দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেই কর্মসূচি শেষ করার নির্দেশ দেয় পুলিশ।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এদিন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা ছিল।

কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৭টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যন মোরাদ আলী, গাংনী পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক ইনসু, যুবদল সভাপতি আক্তারুজ্জামান বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, পৌর যুবদল নেতা আক্তারুজ্জামান মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে সাবেক এমপি আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, তাদের শুধু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ।

এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান, নাশকতা ঘটানোর আশঙ্কায় বিএনপিকে এ নির্দেশ দেয়া হয়েছে।

কেএইচ