র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন বলেছেন, খোঁজ মেলেনি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার হিজরতের ডাকে ঘরছাড়া অর্ধশতাধিক তরুণের। এ অবস্থায় নাশকতার শঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না।

আজ শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মইন বলেন, যেকোনো সময় নতুন জঙ্গি সংগঠনটি নাশকতা-হামলা করতে পারে। এটি কোনো স্বার্থান্বেষী মহলের কারণে বা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার কারণে হতে পারে। সংগঠনটির নেতৃত্বপর্যায়ের নির্দেশে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার অর্থ ও হিজরতবিষয়ক সমন্বয়কসহ চারজনকে আটক করে র‌্যাব।

তারা হলেন- ইসমাইল হোসেন ওরফে হানজালা ওরফে মানসুর (২২), আব্দুল কাদের ওরফে সুজন ওরফে ফয়েজ ওরফে সোহেল (২৪), হেলাল আহমেদ জাকারিয়া (৩৩) ও মুনতাছির আহমেদ ওরফে বাচ্চু (২৩)। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটককৃতদের সম্পর্কে জানাতেই সংবাদ সম্মেলনটির আয়োজন করে র‌্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যে জাকারিয়া সামরিক শাখার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি। তাদের থেকে দুটি উগ্রবাদী বই, একটি প্রশিক্ষণ সিলেবাস, একটি ডায়েরি, ৯টি লিফলেট এবং চারটি ব্যাগ জব্দ করা হয়েছে।

নাশকতা ও হামলার বিষয়ে তিনি বলেন, যেহেতু অনেকেই নিরুদ্দেশ, তাই আমরা ধরেই নিয়েছি যেকোনো সময় নাশকতা হতে পারে। তবে জঙ্গিদের নাশকতার বিষয়ে র‌্যাব সব সময়ই প্রস্তুত। আমাদের অব্যাহত অভিযানের কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটা পুরোপুরি নির্মূল হয়নি।