মাওয়ায় ফেরিতে ফেলে যাওয়া প্রাইভেট কার থেকে ১৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। অভিনব কায়দার প্রাইভেট কারটির ভেতরে ঝালাই করা বিশেষ বাক্সের ভেতর ৬টি বস্তায় থরে থরে সাজানো ছিল ফেনসিডিলগুলো।

বৃহস্পতিবার রাতে মাদকের এই বিশাল চালন আটক হলেও এর সঙ্গে জড়িতদের সন্ধান পাওয়া যায়নি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হাসান জানান, ফেরি রামশ্রী কাওয়ড়াকান্দি থেকে রাত ৮টার দিকে মাওয়ায় আসে। ফেরি থেকে নামার জন্য প্রথম যে গাড়িটি ছিল প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১১-৯৫৫৬) এর চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এসময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট শাহদাৎ হোসেন স্থানীয় লোকজনের সহযোগিতায় কারটি ঠেলে ফেরি থেকে নামিয়ে আনেন। সন্দেহ হওয়ায় মাওয়া ফাঁড়িতে নিয়ে আসা হয়। তল্লাশি করতেই পেছনে সিটের নিচে বিশেষভাবে টিন দিয়ে তৈরি একটি ঝালাই করে আটকানো বাক্স পাওয়া যায়।

এটি ভাঙার পর বেরিয়ে আসে ওই ফেনসিডিল। ধারণা করা হচ্ছে, চোরাকারবারী চক্র ভারতীয় সীমান্ত এলাকা হতে চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল। ধরা পরার শঙ্কায় এটি ফেলে চলে যায়।

জেআই