মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে ঘিরে তার নিজ এলাকা পাবনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায়কে কেন্দ্র করে মঙ্গলবার রাত ১১টা থেকে জেলায় মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিকে মঙ্গলবার রাতে পাবনার ১১টি থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে জামায়াত-শিবিরের ১৬ কর্মীকে আটক করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এসএম মোস্তাইন হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ১১টি থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জামায়াত-শিবিরের ১৬ কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। নাশকতার আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে র‌্যাব-বিজিবি সদস্যরাও।

এএইচ/জেআই