ক্ষমতায়নের অংশ হিসেবে নারীদের মধ্যে বিনামূল্যে টেলিটকের ২০ লাখ সিম বিতরণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ (রোববার) দুপুরে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিনামূল্যে টেলিটক সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, এই প্যাকেজ চালুর ফলে কম মূল্যে কল করা ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নারীরা। ৮ টাকায় সপ্তাহে ১ জিবি ১৪ টাকায় ২ জিবি ব্যবহার করা যাবে। আজ থেকে বিনামূল্যের সিম পাওয়া যাবে টেলিটকের রিটেইলার সেন্টার থেকে।

তিনি জানান, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’ নামে এক সিম নেওয়া যাবে। মূলত নারীদের ক্ষমতায়ন ও সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নে প্রস্তাবিত ৬১০ কোটি টাকার প্রকল্প ছাড়ের জন্য অর্থ মন্ত্রনালয়ের প্রতি আবারও আহ্বান জানান তারানা হালিম।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর ইন্টারনেটে ধীরগতি থাকবে। সাবমেরিন কেবল সংস্কারের কারণে সাময়িক ভোগান্তি পোহাতে হবে।

এমবি