ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বিস্ফোরণ ঘটানো ককটেলটি মোটেই সাধারণ ছিলো না, এটি বেশ শক্তিশালী ছিলো। কাজটি আইএস করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’

সোমবার রাতে রাজধানীর গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আইএস যে ক্লেইম করেছে তা তাদেরই বা অন্য কেউ প্রতারণামূলক এ ধরনের পোস্ট দিয়েছে কি না -তা আমাদের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অ্যান্টি টেরোরিজম বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।

বিস্ফোরণ হওয়া ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্ন ছিল। কাউন্টার টেরোরিজম বিস্ফোরণের ধরণ, আহতের ধরণসহ প্রয়োজনীয় এভিডেন্স সংগ্রহ করছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক যে উগ্রবাদের প্রভাব আছে সারা বিশ্বে, বাংলাদেশও তার বাইরে নয়। সংঘবদ্ধ বা বড় ধরনের নাশকতা করার ক্ষমতা তাদের নেই।

২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর তাদের (জঙ্গি) বিধ্বস্ত করা হয়েছে। কখনো কখনো তারা বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা করার অপচেষ্টা করছে, সেগুলো আমরা নজরদারিতে রাখছি।

এদিকে সাইট ইন্টেলিজেন্স নামের একটি আন্তর্জাতিক মাধ্যম বলেছে, ওই হামলা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

এএস