আগামী ২২শে মার্চ গাইবান্ধা-১ আসনে উপনির্বাচনের তারিখ ধার্য করে কর্মপরিকল্পনা প্রস্তুত করা হলেও তফসিল ঘোষণা নিয়ে দ্বিধায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ই ফেব্রুয়ারি।

শেষ সময়ের আগে আর কোনো তফসিল ঘোষণা করতে আগ্রহী নয় ইসি। এ নিয়ে মিশনারদের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানান, যেহেতু আইন অনুযায়ী তফসিল ঘোষণার পাঁচ সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে এই কমিশনের পক্ষে তফসিল ঘোষণা করলেও নির্বাচন করা সম্ভব নয়। এ কারণে কমিশনারদের মধ্যে তফসিল ঘোষণা নিয়ে মতবিরোধ রয়েছে।

কমিশন সচিবালয় ২২শে মার্চ নির্বাচনের তারিখ ধার্য করে কর্মপরিকল্পনা তৈরি করেছে। এ কমিশন তফসিল ঘোষণা করবে কিনা তা আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনের তফসিল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশন সভায় সকল কমিশনার একমত হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

গত ৩১শে ডিসেম্বর এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়। বর্তমান কমিশন শূন্য আসনের তফসিল ঘোষণা করে গেলেও নির্বাচন করবে নতুন কমিশন।


রুবেল/এমএনজে