চার সচিব ও এক যুগ্মসচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের আদেশ আগামী রোববার জারি হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘সনদ বাতিলের ফাইল প্রস্তুত রয়েছে। আগামী রোববার আদেশ জারি করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এরা (পাঁচ সচিব) পার পেয়ে যাবে এটি সঠিক নয়। সবার সামনে সনদ বাতিলের সিদ্ধান্তের কথা দিয়েছি। মন্ত্রিত্ব চলে যাবে তবু কথার নড়চড় হবে না।’

অভিযুক্তরা কর্মকর্তারা হলেন- স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন, ওএসডি সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব), বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজ্জামান ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম তালুকদার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হয়। গত ১৪ সেপ্টেম্বর এক সভায় পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

এর পর পাঁচ দিন হয়ে গেলেও এ বিষয়ে আদেশ জারি না হওয়ায় অনেকেই মনে প্রশ্ন জেগেছিলো।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঁচ সচিবের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল ও বিভাগীয় ব্যবস্থা চেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ