আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘সংবিধান সংশোধন বিলের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেয়া হচ্ছে না। বিল পাস হওয়ার পর এ বিষয়ে যে আইন হবে, সেখানে বিশেজ্ঞদের ডাকা হবে।’
বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আজ কমিটি যাচাই-বাছাই করে বিল চূড়ান্ত করেছে। দু-একদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়া হবে।
বৈঠক থেকে বেরিয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, সংবিধান সংশোধন বিষয়ে সংসদীয় কমিটিতে বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে না।
তিনি বলেন, বিচারপতিদের অপসারণের জন্য যে আইন হবে সেই আইন করার সময় তাদের ডাকা হবে, মতামত নেয়া হবে। তিন মাসের মধ্যে আইনটি করা হবে।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে আট আইনজীবীর নাম প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। তারা কমিটি করে কোনো আইন ভঙ্গ করেননি।
৭ সেপ্টেম্বর রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের প্রস্তাবনায় ভুল থাকায় শেষ পর্যন্ত সংশোধিত আকারে বিলটি উত্থাপিত হয়।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





