ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ আজ (১২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকেল ৪ টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে ইতোমধ্যে ভোটের সামগ্রী পৌঁছে গেছে।
এই দুই আসনে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ ৬ রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী। ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্ধিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।
ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনি মালামাল বিতরণ করা হয়েছে।” তিনি জানান, করোনা সংক্রমণকালে অনুষ্ঠেয় এই ভোটে স্বাস্থ্য সুরক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবস্থা হয়েছে।
এদিকে এ দুই আসনে ভোটের দিন শুধু নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি সব অফিস খোলা থাকবে। তবে ভোটারদের ভোট দেয়ার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন গত ০৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। সাংবিধানিক বাধ্যবাধকতায় এই আসন দুটিতে উপ-নির্বাচন হতে যাচ্ছে।
ইসি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন।
ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো: ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো: শহীদুল্লাহ ও পিডিপির মো: মহিববুল্লা বাহার।
অপরদিকে, সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো: সেলিম রেজা প্রতিদ্বন্ধিতা করছেন।
এমবি





